বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০

স্মৃতির বারান্দায়

                      রফিক উদ্দিন লস্কর
সেই সোনালি দিনগুলোর ভোরের ফুরফুরে হাওয়া
আজও ধাক্কা দেয় কোমল হৃদয়ে বজ্রের মতো,
শীতের সকালে কুয়াশার সাথে নিদারুণ সখ্যতা।
আজ ভিন্ন পথে, আবছা আলোয় আনাগোনা যার
ফেলে আসা দিনগুলোর স্মৃতি বারবার অশ্রু ঝরায়,
মনের অলিন্দে পায়চারি করে এখন প্রতিরোজ।
অচল মনে দাঁড়িয়ে আছি বর্তমানের দেয়াল ঘেষে
তারপর..., বসে বসে প্রহর গুনি স্মৃতির বাতায়নে,
দ্বিচারিণী মন ঘুরে বেড়ায় মায়ার মিতালীতে।
পূর্ণিমা রাতের স্নিগ্ধ আলোয় আকাশে জেগে থাকা
অসংখ্য তারার মতো কত শত স্মৃতি আধো আলোয়,
যাযাবর হয়ে  ঘুরে বেড়ায় বেচারা মনের আকাশে।
এক অদৃশ্য গ্রন্থিতে বাঁধা সেকাল একালের পথ
রোদেলা দুপুরে আকাশের বুকে ছোট-বড় রঙিন ঘুড়ি,
আজও উড়ে বেড়ায় লাল, সাদা, হলুদ, বেগুনি রঙের
জীবনের হিসেব কষে লাটাই আর সুতোর টানে।
বৈশাখী ঝড়ের নৃত্যে দামামা বাজে পড়ন্ত বিকেলে
কালো মেঘে আবৃত আবেগী মনের আকাশ,
ফেলে আসা দিনগুলো আলো-ছায়ায় হাতড়ে খুঁজে ফিরি।
কিছু  সময়, কিছু অনন্য মুহূর্ত, কিছু প্রিয় মুখ, কিছু  উপলব্ধি
কিছু ভালো-লাগার স্পর্শ-আমেজ, অন্তরের গভীরে লুকানো,
বর্তমানের কাছে পরাজিত কিছু চিরচেনা ঘটনার স্থিরচিত্র।

রচনাকাল: ১৫/০১/২০২০ ইং (নিতাইনগর-হাইলাকান্দি, আসাম)

কোন মন্তব্য নেই:

নির্বাক

.       নির্বাক  রফিক উদ্দিন লস্কর  দুটি ফুলের কলি আজ ছায়াহীন দাঁড়ায়, রোদ-বৃষ্টি সবই নামে তাদেরই মাথায়। যে ডাল ছিল আশ্রয় ঘর ভেঙে গেল হঠাৎ, ব...