অনন্ত প্রতীক্ষা
।। রফিক উদ্দিন লস্কর ।।
কথা জমে থাকে বুকের ভেতর,
পাথরের মতো ভারী,
বলতে গেলেই গলা শুকিয়ে যায়
শব্দেরা করে আহাজারি।
মানুষের ভিড়ে দাঁড়িয়ে থেকেও
নিজেকে লাগে দূরের,
হাসির আড়ালে লুকোনো কষ্ট
কুয়াশা বিষণ্ণ ভোরের।
সময় চলে যায় নিজের নিয়মে,
আমরা শুধু পাশে থাকি,
কিছুই ধরতে পারি না ঠিকভাবে
হারানোর শব্দ বুকে রাখি।
কত স্বপ্ন ছিল চোখের কোণে,
ধুলোর সাথে সখ্যতা,
ছুঁতে গেলেই ছিটকে পড়ে যায়
অসম্পূর্ণ সব, নীরবতা।
ভালো থাকার শত চেষ্টা করে
ক্লান্ত হয়ে পড়ে মন,
তবু কেউ দেখে না সেই ক্লান্তি
সেটা স্বাভাবিক কারণ।
রাত নামলে সব শব্দ থেমে যায়,
যুদ্ধ শুধু নিজের সাথে,
যেখানে কোনো প্রতিপক্ষ নেই
থাকা ঘুমের প্রতীক্ষাতে।
রচনাকাল: ১৭ এপ্রিল ২০২৬ ইং,২০:১৯ মি. কাটলিছড়া-হাইলাকান্দি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন