একটা প্রেম চাই
।। রফিক উদ্দিন লস্কর ।।
একটা প্রেম চাই, যা হোক নিখুঁত ও নিখাদ,
যেন প্রতিদিন মনের মাঝে জাগে দেখার সাধ।
দিনের শেষে ক্লান্ত হলে রাখবে কাঁধে মাথা,
চোখের জলে লিখবে তারা প্রেমের গল্পগাঁথা।
একটা প্রেম চাই, যেমন ভোরের নরম আলো,
উষ্ণ ছোঁয়ায় জেগে উঠে দিনটা কাটে ভালো।
অকারণে হাসি ফুটুক ঠোঁটের কোণে এসে,
প্রেমের নামে হারিয়ে যাক্ ভালোবাসার দেশে।
একটা প্রেম চাই, অলিখিত কঠিন প্রতিশ্রুতি,
না বললেও বুঝে যাবে, মনের সুপ্ত অনুভূতি।
দূরে থেকেও অনুভবে রাখবে জীবন ঘিরে,
অদৃশ্য এক মায়ার বাঁধন বাঁধবে ধীরেধীরে।
একটা প্রেম চাই, হোক হিসেবনিকেশ বিহীন,
যেন ভালোবাসার স্রোতস্বিনী বহে চিরদিন ।
রচনাকাল: ১৯ এপ্রিল ২০২৬ ইং, ২৩:০১ মি. কাটলিছড়া-হাইলাকান্দি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন