পাগলিটাও মা হয়েছে
।। রফিক উদ্দিন লস্কর ।।
পাগলিটা আজ মা হয়েছে
হয়নি তার বিয়ে,
একটি শিশু ধরায় এখন
লাজ-অপমান নিয়ে।
ভোর হতেই চারিদিকে
রটছে নীরব খবর,
কার পাপের ফসল এটা
কোথায় তার ঘর?
কেউ জানে না বাবা কে,
কার লালসার বলি,
কোথায় যাবে পাগলিটা
কোন হাট, কোন গলি?
কোন সমাজে বাস করি
বিবেক গেছে মরে,
কোন পুরুষের কামানন্দ
পাগলির কোল ভরে?
নয় নিরাপদ পাগল আজ
পাগলি প্রমাণ তার,
সভ্য সমাজ মুখ লুকায়
দোষটা ছিল কার?
পাগলি এখন মা হয়েছে
কে নেবে তার ঋণ?
কার দোষেতে এই শিশুটি
পিতৃ পরিচয় হীন?
জন্ম নিলো যে শিশুটি
ডাকবে কাকে বাপ?
সমাজ বলবে জারজ সে
পাগলির না'কি পাপ!
পাগলির ছিল দোষ এটাই
আছে নারীদেহ তার,
পাগল দেখে সেই সুযোগে
সুখ নিলো জানোয়ার।
পুরুষ হয়েও নিজের প্রতি
জন্মায় ঘৃণা - লাজ,
কোন পুরুষে করতে পারে
এমন জঘণ্য কাজ!
রচনাকাল: ১২ জানুয়ারি ২০২৬ ইং, ০১:৩৭ মি. কাটলিছড়া-হাইলাকান্দি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন