বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

জন্মদিনে চাওয়া

জন্মদিনে চাওয়া
রফিক উদ্দিন লস্কর 
শুভ জন্মদিন, ওদের আজ শুভ জন্মদিন,
আমাদের জোড়া মানিক আবির ও তুহিন। 
তিন বছর পার করে, চার বছরে পদার্পণ,
ওরা বাবা মায়ের ছায়া সাথী আছে সর্বক্ষণ। 
ফুলের মতো নরম মনে খুশির হাওয়া বয়,
স্নেহের পরশ পেতে ওরা প্রতীক্ষাতে রয়।
খোদার কাছে সবসময় ওদের ভালো চাই,
সৎ পথে জীবনের হোক ধরার মাঝে ঠাঁই। 
ওদের হাসি ঘরের বাতি তিন বছর ধরে,
দুই ভাইয়ের চলাফেরা দেখি হৃদয় ভরে।
দুইদিনের এই দুনিয়াতে কোনো ভরসা নাই,
ওদের সুস্থসবল দীর্ঘায়ু খোদার কাছে চাই।

রচনাকাল: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ইং, ২৩:৩০ মি. কাটলিছড়া-হাইলাকান্দি।। 






সোমবার, ১১ আগস্ট, ২০২৫

বিশ টেখি মাল

বিশ টেখি মাল
রফিক উদ্দিন লস্কর 
গাঁওর বেটিন বিয়ান অইলে 
টাউনর অবায় যাইন,
হরেক মালর দোকান আইছে
বিশ টেখায় পাইন।।

দুই জাল মিলিয়া একদিন
টাউনও মাদানে গেছইন,
ছাকনি বাটি খরাই বদনা
এক আটা লইছইন।

ইতা দেখিয়া লাগা বাড়ির 
হকল বেটিন জমছইন,
মাল দেখিয়া তারিফ কররা
অলা হস্তায় পাইছইন।

বাদর দিন পূবর বাড়ির 
মিলিয়া তিন ভাবী,
টুকটুকি এখান রিজার্ভ করি
লইছইন আবিজাবি।

এক বেটিয়ে কইতরা হিদিন
আমিও টাউনও যাইতাম,
ডিম বেচিয়া টেখা জমাইছি
হরেক মাল লইতাম।
রচনাকাল: ১১ আগস্ট ২০২৫ ইং, ২২:৫৮মি. কাটলিছড়া-হাইলাকান্দি। 




বুধবার, ৩০ জুলাই, ২০২৫

অনিশ্চিত পৃথিবী

অনিশ্চিত পৃথিবী
রফিক উদ্দিন লস্কর 
আমি কাল হলে হতে পারি, হয়তো 
কারো গল্প কিংবা হাসির খোরাক,
অনিশ্চিত পৃথিবীর মাঝখানে শুধু 
দুটি হৃদয় আকাশপাতাল ফারাক। 

প্রতিটি খবরেরকাগজে বড়ো হরফে 
শিরোনাম দখল করে নেবে খবর, 
সামাজিক মাধ্যমে খুব ভাইরাল হবে 
সুনামিতে বিধ্বস্ত ভালোবাসার ঘর।

রচনাকাল: ৩০ জুলাই ২০২৫ ইং, ২০:০৫ মি. নিতাইনগর -হাইলাকান্দি। 

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

দাদু বনাম মশা

 দাদু বনাম মশা
রফিক উদ্দিন লস্কর 
দাদু রাতের বেলা ঘুমোতে গিয়ে 
যুদ্ধ করলেন  শুরু,
তার কানের ধারে কয়েক মশা
করছে গুরু গুরু!

মশার কয়েল, ব্যাট, আর নেট 
লাগিয়ে দিলো নাতি,
আজ মশা বলে দীর্ঘ রাতের 
দাদু আমার সাথী।  

নাতনি বলে এবার  ঘুমাও
হলো অনেক বেলা,
দাদু বলেন ঐ সামনে দেখ 
শত্রু আমার মেলা।

শেষমেষ মশা জিতেই গেল, 
কামড় দিয়ে নাকে,
দাদু বলেন, আমার নাকটা গেল
ঘুম কি আর থাকে?

রচনাকাল: ২৯জুলাই ২০২৫ ইং, ১৪:৩১ মি. নিতাইনগর -হাইলাকান্দি। 

সোমবার, ২৮ জুলাই, ২০২৫

পাড়ার দাদু

পাড়ার দাদু
রফিক উদ্দিন লস্কর 

সাইকেল চড়ে পাড়ার দাদু বাজারেতে যায়,
হঠাৎ মাঝপথে পড়ে গিয়ে ভারী ব্যথা পায়!
বলেন, রাস্তায় ছিল না'কি ইয়া বড়ো ভূত!
সাইকেল চালাতে নেই তাঁর ভুল এক সুত।
কলা খেয়ে খোসা ফেলে রাস্তাতে এক ছোঁড়া,
আর তাতে গিয়ে পিছলিয়ে কুপোকাত বুড়া!
বাচ্চারা হেসে বলে, দাদু এই ভূত কলা খায়”
তাই কলা খেয়ে ঝাপটে ধরে তোমার পাছায়।
দাদু বলেন তোমরা কিছু বোঝো নারে ভাই!
তোমরা খেলাও মজা করো আমি তবে যাই।
দৌঁড়ে এসে দাদি বলেন, চলো এবার বাসায়,
আর দাদু হাঁটেন ধীরে ধীরে ব্যথা ভরা পায়।

রচনাকাল: ২৮ জুলাই ২০২৫ইং, ২৩:২৮মি. নিতাইনগর -হাইলাকান্দি। 

রবিবার, ২৭ জুলাই, ২০২৫

না ফেরার পথে

                 না ফেরার পথে
             রফিক উদ্দিন লস্কর 

পথিক লিখে গেছে চিঠি, সে যাওয়ার বেলা,
আর আসবে না ফিরে, এবার বন্ধ সকল খেলা।
ভোরের আলোয় অজানা পথে হারায় ধীরে,
কেউ জানে না সে কখন কবে আসবে ফিরে।

আকাশ তার নামে আগলে রাখে কালো মেঘ,
বাতাস বাজায় বেদনার সুর বুক ভরা উদ্বেগ। 
মনের মাঝে মায়া মমতা সে-ও ছিল ভুল,
আজ ভালোবাসা তার হৃদয়ে বিঁধেছে শূল।

অজানার পথে হেঁটে গেছে সে, ফিরায়নি মুখ
আত্মসম্মানে নিঃশব্দ যাত্রা, সঙ্গী তার শোক। 
ভালোবাসাহীন না ফেরার পথে বসবাস আজ,
চুপচাপ জীবন, দীর্ঘশ্বাস, তবুও অমলিন সাজ।

রচনাকাল: ২৭জুলাই ২০২৫ইং,১২:৬মি. নিতাইনগর -হাইলাকান্দি। 

শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ভালোবাসা যায় না

ভালোবাসা যায় না 
রফিক উদ্দিন লস্কর 

সবাই পাক্কা ভালো হতে চায়,
তবু কেউ কেউ খারাপ হয়েই স্বস্তি পায়।
তারা দেখে না সকালের সূর্যোদয়,
রাতের অন্ধকারে খোঁজে  আত্মপরিচয়।

তাদের মুখের হাসি
এক একটা নাটক,
তাদের সাহায্য...
স্বার্থের বাঁধানো ফাটক।

তারা সময়মতো বন্ধু হয় 
প্রয়োজন ফুরোলে শত্রুও হয়।
তারা অশ্রুহীন চোখে কাঁদে
কেমনে ফাঁসানো যায় কলঙ্কের ফাঁদে।
বুকপকেটে শুধু হিসেবই থাকে,
কে কতটা দুর্বল, ভাঙা পথের বাঁকে।

চারপাশে এই খারাপ মানুষেরা 
বুকেরও খুব কাছে, কারো ভালো চায় না।
তাই আজকাল কাউকেই খুব বেশি ভালোবাসা যায় না।

রচনাকাল:২৬জুলাই ২০২৫ইং, ২০:১৩ মি. নিতাইনগর -হাইলাকান্দি। 

(গীতিকবিতা)প্রেম উপন্যাস

প্রেম উপন্যাস  ।।রফিক উদ্দিন লস্কর।।  তোমার প্রেমের বারান্দায়  আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...